অবরোধকালে নোবিপ্রবির চলন্ত বাসে হামলা

৮ নভেম্বর, ২০২৩ ১০:৫৭  

অবরোধকালে বুধবার (৮ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী বহনকারী বাস ‘কৃষ্ণচূড়া’ হামলার শিকার হয়েছে। সোনাপুর বাস ডিপো থেকে শহরের সুধারাম থানার সামনে যাওয়ার পথে সকাল ৮ টায় নোয়াখালীর দত্তেরহাট এলাকায় হামলার শিকার হয় বাসটি। এতে বাসের ড্রাইভারের পাশের জানালার কাঁচ ভেঙে যায়। বাস ড্রাইভার আহত না হলেও তাৎক্ষণিকভাবে তার মধ্যে আতঙ্ক বিরাজ করে।

কৃষ্ণচূড়া বাসের চালক আরিফুল ইসলাম প্রধান জানান, অবরোধকারীরা বাস লক্ষ্য করে অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ড্রাইভারের পাশের জানালার কাঁচ ভেঙ্গে যায়৷ এ ঘটনায় বাস ড্রাইভার আহত না হলেও তাৎক্ষণিকভাবে তার মধ্যে আতঙ্ক বিরাজ করে বলে জানান তিনি।

বাস চালক আরিফুল ইসলাম প্রধান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবহনের উদ্দেশ্য বাস সোনাপুর ডিপো থেকে শহরে (মাইজদী) যাওয়ার পথে সকাল আটটার দিকে দত্তেরহাট পেট্রোল পাম্প এলাকায় ৮/১০ লোক বাসের সামনের দিকে ইট-পাথর নিক্ষেপ করে। এতে বাসের ড্রাইভিং সিটের পাশের জানালা ও লুকিং গ্লাস ভেঙে যায় এবং বাসের পেছনের অংশে দাগ বসে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. কাউসার হোসেন জানিয়েছে, তিনি বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে নিরাপত্তার বিষয়টি আরো জোরদার করবেন।

তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সাহানা রহমান ড্রাইভার বা কারো পক্ষ থেকে কোন অভিযোগ পাননি বলে জানিয়েছেন ৷ বলেছেন, ঘটনা বিস্তারিত জানার পর আমরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।